জামালপুরে কাউন্সিলর প্রার্থী আরজু আহম্মেদ তারার ঈদ উপহার
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জামালপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের অসহায় ও গরীবদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আরজু আহম্মেদ তারা। আজ (২৬ মে ) বিকালে নিজস্ব বাসভবনে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় ওয়ার্ডের শতশত অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের হাতে সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন ঈদ উপহার সামগ্রী তুলে দেন আরজু আহম্মেদ তারা। উপহার বিতরণকালে আরজু আহম্মেদ তারা বলেন: "ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই খুশির আমেজ সমাজের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় ১১ নং ওয়ার্ডের মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। আপনাদের সুখ-দুঃখে পাশে থেকে এই ওয়ার্ডকে একটি আধুনিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।" তিনি আরও বলেন, কোনো পদ-পদবির আশায় নয়, বরং সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের প্রতি ভালোবাসা থেকেই তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সেবা করে যাচ্ছেন। আগামী পৌরসভা নির্বাচনে ১১ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নের স্বার্থে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। ঈদ উপহার পেয়ে এলাকার সাধারণ মানুষ অত্যন্ত আনন্দ প্রকাশ করেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আরজু আহম্মেদ তারা করোনাকালীন সময় থেকে শুরু করে যেকোনো দুর্যোগে সবসময় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। এবারের ঈদে তার এই উপহার নিম্নআয়ের পরিবারগুলোর মুখে হাসি ফুটিয়েছে। মেহেদী হাসান জামালপুর ২৬/০৫/২০২৬
What's Your Reaction?