বাসাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা"—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 'আইন নয়, সামাজিক সচেতনতাই দুর্নীতি প্রতিরোধের প্রধান উপায়'—শীর্ষক বিষয়ের ওপর আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী অংশ নেয়। চূড়ান্ত পর্বে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আইসড়া উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের শিক্ষার্থী তোয়া। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: আকলিমা বেগম। সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সুধীজন।
বিতর্কে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জশিহাটী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ। বিচারক হিসেবে ছিলেন কে. বি. এন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. শামছুজ্জামান মিয়া ও কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রিপা তরফদার।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও যুক্তিবোধ তৈরির মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মোহাম্মদ নাসির মিয়া বাসাইল, টাঙ্গাইল ০৪/০৫/২০২৬ ০১৯২৬৮০৫৬০৫
What's Your Reaction?