পিস্তলের ভাইরাল ছবি নিয়ে দুলাল ফরাজির সংবাদ সম্মেলন

Apr 24, 2026 - 21:09
 0  11
পিস্তলের ভাইরাল ছবি নিয়ে দুলাল ফরাজির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, তজুমদ্দিন।। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন গনমাধ্যমে অস্ত্র হাতে একটি ছবি ভাইরাল হওয়ার ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলন করেছেন দুলাল ফরাজি। আজ শুক্রবার ভোলা সদরে অবস্থিত তাদের এক আত্মীয়ের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘটনাকে ব্যবসায়িক প্রতিপক্ষের গভীর ষড়যন্ত্র বলে দাবি করেন। ​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দুলাল ফরাজি বলেন, "সম্প্রতি গনমাধ্যমে প্রকাশিত আমার একটি ছবিকে কেন্দ্র করে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। মূলত ব্যবসায়িক ক্ষেত্রে আমার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে একটি এডিট করা ছবি ছড়িয়ে দিয়েছে। আমাকে সামাজিকভাবে হেয় করা এবং আমার ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করাই তাদের মূল উদ্দেশ্য।" ​তিনি আরও বলেন, "আমি কোনোদিন কোনো অবৈধ কর্মকাণ্ড বা অস্ত্রের সাথে জড়িত ছিলাম না। যারা আমার দীর্ঘদিনের সুনাম নষ্ট করতে এই জালিয়াতির আশ্রয় নিয়েছে, আমি আশা করি সাধারণ মানুষ ও প্রশাসন তাদের হীন উদ্দেশ্য বুঝতে পারবে।" ​সংবাদ সম্মেলনে দুলাল ফরাজি দাবি করেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ষড়যন্ত্রকারীদের মুখোশ খুব দ্রুতই উন্মোচিত হবে। এসময় তিনি সত্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে তার ভাই নিরব ফরাজী সহ পরিবারের অন্যান্য সদস্যরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে স্থানীয় সূত্রের বরাতে দাবি করা হয়েছিল নিরব ফরাজীর নেতৃত্বে চরাঞ্চলে একটি সশস্ত্র বাহিনী পরিচালিত হতো। মেঘনা নদী ও চর মোজাম্মেল কেন্দ্রিক নৈরাজ্য, চাঁদাবাজি এবং ত্রাস সৃষ্টি করাই ছিল তাদের প্রধান কাজ। অবৈধ অস্ত্রের মুখে সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না বলেও অভিযোগ ওঠে। আজকের সংবাদ সম্মেলনে দুলাল ফরাজি এসব অভিযোগকে ভিত্তিহীন ও ব্যবসায়িক ষড়যন্ত্র বলে দাবি করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow