সাতক্ষীরার কালিগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, ২০ লাখ টাকার ক্ষতি
সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার কালিগঞ্জের একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে অন্তত ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতির দাবি করেছেন ঘের মালিক আব্দুল্লাহ মোল্লা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার তারালি ইউনিয়নের আমিয়ান গ্রামে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী আব্দুল্লাহ মোল্লা জানান, দুর্বৃত্তরা গভীর রাতে তার মাছের ঘেরে বিষ ঢেলে দেয়। এরপর রাতে ঘেরের দায়িত্বে থাকা এক কর্মচারী প্রথমে দেখতে পান মাছগুলো অস্বাভাবিকভাবে মরে পানির উপর ভেসে উঠছে। তাৎক্ষণিক ওই কর্মচারী বিষয়টি তাকে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ঘেরের ভয়াবহ চিত্র প্রত্যক্ষ করেন। বুধবার সকালে আবারো তিনি সরেজমিনে গিয়ে দেখতে পান, ঘেরের পানির উপর অসংখ্য মৃত মাছ ভেসে রয়েছে। ঘেরের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব মাছ দেখে তিনি জানান, এতে তার অন্তত ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, এলাকার এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছিল। সেই শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটতে পারে বলে তিনি সন্দেহ করছেন। স্থানীয়রা জানান, এমন ঘটনা এলাকায় আগে কখনও ঘটেনি। ফলে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর বড় ভাই এবাদুল ইসলাম বলেন, আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি চাই। এদিকে, ঘটনাস্থল থেকে ২০টি ‘ব্যাবিলন’ নামের খালি বোতল উদ্ধার করা হয়েছে। কয়েকটি বোতলে বিষের অবশিষ্টাংশও পাওয়া গেছে। তাই বিষ প্রয়োগের বিষয়টি অনেকটা নিশ্চিত। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কালিগঞ্জ থানা পুলিশের এসআই পলাশ কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষ প্রয়োগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তিনি আরো জানান, তদন্ত পূর্বক জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।## ২২.০৪.২৬
What's Your Reaction?