উলিপুর পৌরসভায় রাস্তার পাশে ম্যানহোলের ঢাকনা ছাড়াই যান চলাচল, দুর্ঘটনার চরম শঙ্কা

Dec 24, 2025 - 14:23
 0  27
উলিপুর পৌরসভায় রাস্তার পাশে ম্যানহোলের ঢাকনা ছাড়াই যান চলাচল, দুর্ঘটনার চরম শঙ্কা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নারিকেল বাড়ি এলাকায় রাস্তার উন্নয়ন কাজ শেষ হতে না হতেই চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলালিংক টাওয়ার সংলগ্ন সড়কের পাশে পানি নিষ্কাশন ড্রেনের ওপর স্থাপিত কয়েকটি ম্যানহোলের ঢাকনা না থাকায় প্রতিদিন হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন ওই সড়ক দিয়ে চলাচল করছে, যা যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে।

২৪শে ডিসেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায়,  স্থানীয়দের অভিযোগ, রাস্তার কাজ শেষ হওয়ার ১০ থেকে ১২ দিন অতিবাহিত হলেও উক্ত ম্যানহোলগুলোর ঢাকনা পুনঃস্থাপন কিংবা অস্থায়ী কোনো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে পৌর প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসীরা জানান, উক্ত সড়কটি একটি গুরুত্বপূর্ণ চলাচল পথ হওয়ায় দিন ও রাত—উভয় সময়েই বিপুল সংখ্যক পথচারী, মোটরসাইকেল, রিকশা ও অন্যান্য যানবাহন চলাচল করে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতের বেলায় খোলা ম্যানহোলগুলো সহজে চোখে পড়ে না। এতে করে অসাবধানতাবশত কোনো মানুষ কিংবা যানবাহন এতে পড়ে গেলে যে কোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে। এতে মৃত্যুর পাশাপাশি স্থায়ী পঙ্গুত্বের মতো ভয়াবহ পরিণতির আশঙ্কাও রয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণেই জনসাধারণের নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে। তারা দ্রুত ম্যানহোলের ঢাকনা পুনঃস্থাপনসহ প্রয়োজনীয় নিরাপত্তা বেষ্টনী, সতর্কতামূলক সাইনবোর্ড ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

এ বিষয়ে উলিপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাহবুব আলম জানান, রাস্তা সংস্কারের কাজ চলাকালীন সময়ে একাধিকবার ম্যানহোলের ঢাকনা স্থাপন করা হয়েছে। তবে রাতের আঁধারে কে বা কারা নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সেগুলো চুরি করে নিয়ে যায়। তিনি আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট ঠিকাদারকে অবহিত করা হয়েছে এবং দ্রুত পুনরায় ঢাকনা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এলাকাবাসী সচেতন না হলে বারবার ম্যানহোলের ঢাকনা স্থাপন করেও সেগুলো স্থায়ীভাবে রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow