মেলান্দহে জমি বিরোধে প্রতিবন্ধীকে কুপিয়ে জখম, বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটের অভিযোগ

Apr 22, 2026 - 15:16
 0  8
মেলান্দহে জমি বিরোধে প্রতিবন্ধীকে কুপিয়ে জখম, বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটের অভিযোগ

জামালপুরের মেলান্দহ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগ অনুযায়ী, উপজেলার মধ্য ঝাউগড়া গ্রামের বাসিন্দা মোছাঃ অজুফা বেগম ও তার স্বামী শারীরিক প্রতিবন্ধী মোঃ শহিদ দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন। পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। গত ১৫ এপ্রিল বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির পরদিন সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় অজুফা বেগম ও তার স্বামীকে এলোপাথারি মারধর করা হয়। একপর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মোঃ শহিদকে কুপিয়ে গুরুতর জখম করে। এতে তার মাথা, হাত ও মুখে গুরুতর আঘাত লাগে। একটি হাত ভেঙে যায়, সামনের দাঁত ভেঙে যায় এবং বাম কানে আঘাতের ঘটনাও ঘটে। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘরে থাকা প্রায় ৩০ হাজার টাকা লুট করে এবং ভাঙচুর চালিয়ে ক্ষয়ক্ষতি করে। এ সময় ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন৷ এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান (ওসি)বলেন,অভিযোগ পেয়েছি। দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। তবে প্রতিন্ধীকে মারধরের বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজনদের থানায় ঢাকা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেহেদী হাসান জামালপুর। ২২-০৪-২০২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow