হেমায়েতপুর কালচারাল ক্লাব উদ্বোধন অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ
খলিল ,সাভার সাভারের হেমায়েতপুরে “হেমায়েতপুর কালচারাল ক্লাব”-এর শুভ উদ্বোধন উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবটির উদ্বোধন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মেহেদী হাসান বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়, তাহলে সমাজ থেকে অনেক কষ্ট ও দুঃখ দূর করা সম্ভব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি হেমায়েতপুর কালচারাল ক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও হেমায়েতপুর কালচারাল ক্লাবের সভাপতি রাসেল হাসান, মারুফ হাসানসহ ক্লাবের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। পরে হেমায়েতপুর কালচারাল ক্লাবের উদ্যোগে শত শত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহারের প্যাকেটে ছিল পোলাও চাল, চিনি, তেল, দুধ, সেমাই ও মুরগি। এসময় স্থানীয়রা বলেন, এমন উদ্যোগ ঈদের আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করার এক অনন্য দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
What's Your Reaction?