সাতক্ষীরায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত অভিযান

Mar 14, 2026 - 23:40
 0  16
সাতক্ষীরায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত অভিযান

মোঃ কামাল উদ্দিন সরদার,সাতক্ষীরা :
সাতক্ষীরায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রোধে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক বিশাল পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে এবং রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিন-এর সহযোগিতায় (শনিবার ১৪ই মার্চ)এই সমন্বিত কর্মসূচি পালন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে সদর হাসপাতাল ও নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও জনসাধারণের অংশগ্রহণে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর চৌধুরী, জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম বাবলা এবং বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহিন।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সাতক্ষীরা পৌরসভার প্রশাসক মইনুল ইসলাম মইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সিভিল সার্জন  আব্দুস সালাম এবং পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী এম এম নুর আহমেদসহ রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিনের প্রতিনিধিবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ছে, তাই ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার বিকল্প নেই। বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং ডাবের খোসা বা টবে পানি জমতে না দেওয়ার জন্য তারা আহ্বান জানান।

পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান ও নির্বাহী প্রকৌশলী এম এম নুর আহমেদ জানান, "আজ থেকে শুরু হওয়া এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এখন থেকে প্রতি শনিবার প্রতিটি ওয়ার্ডে নিয়মিত অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি পৌরসভার দৈনন্দিন বর্জ্য ব্যবস্থাপনা ও মশা নিধন কার্যক্রম আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।"

একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত শহর বিনির্মাণে জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow