টাঙ্গাইলে সাবেক কমিশনার মোর্শেদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ্ব আতিকুর রহমান মোর্শেদের উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে টাঙ্গাইলে তার নিজ বাসভবনে তার পক্ষ থেকে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রমজান উপলক্ষে চাল, ডাল, তেল, চিনি, ছোলা ও খেজুর,মুড়িসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয় বলে জানা গেছে। ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা জানান, করোনাকালীন দুর্যোগের সময়ও মোর্শেদ নিজ কাঁধে করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ ও খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। তারা অভিযোগ করে বলেন, গত ১৮ মাস ধরে ১৭ নম্বর ওয়ার্ডের অনেক অসহায় মানুষ তেমন কোনো সহায়তা পাননি। এলাকাবাসীর ভাষ্য, মিথ্যা ও হয়রানিমূলক মামলার কারণে দীর্ঘদিন ধরে তিনি এলাকার বাইরে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন বলেও জানান তারা। উপকারভোগীরা আরও বলেন, তিনি কমিশনার না থাকলেও সব সময় এলাকার মানুষের পাশে থেকেছেন এবং সহযোগিতা করে গেছেন। এলাকাবাসীর প্রত্যাশা, তিনি দ্রুত আবারও কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করে এলাকার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত হবেন। প্রতিবছরের মতো এবারও রমজানের আগে অসংখ্য দরিদ্র মানুষের মাঝে সহায়তা পৌঁছে দেওয়ায় এলাকাবাসী তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
What's Your Reaction?