সংরক্ষিত নারী আসনে আলোচনায় কারা নির্যাতিত নেত্রী রোকেয়া জাবেদ মায়া
বিশেষ প্রতিবেদক:
সংরক্ষিত নারী আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছেন কারা নির্যাতিত নেত্রী রোকেয়া জাবেদ মায়া। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই নেত্রী বর্তমানে বিভিন্ন মহলে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছেন।
জানা যায়, ছাত্র অধিকার আন্দোলনের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু। বিশেষ করে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ভূমিকার মধ্য দিয়ে তিনি পরিচিতি লাভ করেন। পরবর্তীতে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচিতে অংশ নিয়ে মাঠ পর্যায়ে নিজের অবস্থান সুদৃঢ় করেন।
রোকেয়া জাবেদ মায়া তার বক্তব্যে বলেন, রাজনীতি তার কাছে ক্ষমতার হাতিয়ার নয়; বরং মানুষের পাশে দাঁড়ানোর একটি মাধ্যম। গ্রামীণ জনপদের সাধারণ মানুষের কষ্ট, বঞ্চনা ও বৈষম্য দেখেই তার রাজনৈতিক চেতনার বিকাশ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে বন্যার্তদের সহায়তা, ইফতার সামগ্রী বিতরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নানা উদ্যোগে তাকে দেখা গেছে। এছাড়া ২০২১ সালে একটি আন্দোলন চলাকালে সহযোদ্ধাদের খোঁজ নিতে গিয়ে তিনি আটক হন বলে জানা যায়।
সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে তিনি মনে করেন, নারীর রাজনৈতিক অংশগ্রহণ শুধু প্রতীকী নয়—যোগ্যতা, সততা ও সংগঠনের শক্তির ভিত্তিতে নেতৃত্ব গড়ে উঠা প্রয়োজন। তিনি বলেন, রাজনীতিতে নারীদের সম্মান ও সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ জরুরি।
দলীয় মনোনয়ন পেলে জনগণের সেবা এবং তৃণমূল পর্যায়ে উন্নয়নমূলক কার্যক্রম জোরদার করার অঙ্গীকারও ব্যক্ত করেছেন তিনি।
এদিকে, সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম ঘিরে দলীয় ও স্থানীয় পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তৃণমূল রাজনীতি ও আন্দোলনের অভিজ্ঞতা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
What's Your Reaction?