কালকিনিতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে পাখি বেগম (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত পাখি বেগম কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের উত্তর মাঝের কান্দি গ্রামের সৌদি প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী। বুধবার গভীর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে পাখি বেগম তার চার বছরের শিশুকে নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা তার ঘরের ছাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। শব্দে তার ঘুম ভাঙলে তিনি দরজা খুলে বাইরে তাকান। তখনই কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পাশেই ছিল তার শিশু সন্তান।চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন।
নিহতের শাশুড়ি নাজমা বেগম দাবি করেন, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?