কয়রায় আরএইচএল প্রকল্পের জলবায়ু সহনশীল গৃহ উদ্বোধন ও বৃক্ষচারা বিতরণ
নিজস্ব প্রতিবেদক, কয়রা (খুলনা):
উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং দুর্যোগসহনশীল আবাসন নিশ্চিত করতে খুলনার কয়রা উপজেলায় জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) বাস্তবায়িত আরএইচএল প্রকল্পের আওতায় জলবায়ু সহনশীল গৃহ উদ্বোধন এবং উপকারভোগীদের মাঝে বৃক্ষচারা বিতরণ করা হয়েছে।সোমবার (২৭ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জলবায়ু সহনশীল গৃহের উদ্বোধন করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের মাইক্রোফাইন্যান্স বিভাগের পরিচালক ও আরএইচএল প্রকল্পের ফোকাল পারসন মো. আজিজুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের উপসহকারী পরিচালক শেখ মোজাম্মেল হক, জোনাল ম্যানেজার (সাতক্ষীরা জোন) মো. আজাদুর রহমান এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা।আয়োজকরা জানান, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে প্রকল্পের আওতায় মোট ১৮৩টি জলবায়ু সহনশীল গৃহ নির্মাণ করা হয়েছে। এসব গৃহে নিরাপদ স্যানিটেশন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত রান্নাঘর, উন্নত জ্বালানি সাশ্রয়ী চুলা এবং দুর্যোগ সহনশীল নির্মাণব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সবুজ বেষ্টনী গড়ে তোলা ও ভূমিক্ষয় রোধে বিভিন্ন প্রজাতির গাছও রোপণ করা হয়েছে।এছাড়া প্রকল্পের মাধ্যমে উপকারভোগীদের জীবিকায়নে সহায়তা হিসেবে নগদ অর্থ, ছাগল, কৃষি উপকরণ ও সবজি চাষে সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ৪,৬০০টি বৃক্ষচারা উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়।প্রধান অতিথি মো. আজিজুল হক বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য জলবায়ু সহনশীল আবাসন ও জীবিকায়ন কার্যক্রম জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপদ আবাসন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং সবুজায়নের সমন্বিত উদ্যোগ মানুষের অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করবে এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে সহায়ক হবে।
What's Your Reaction?