কিশোরগঞ্জে ‘স্মৃতিতে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে দেশব্যাপী জাতীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে ‘স্মৃতিতে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় গ্রন্থকেন্দ্র, ঢাকা এবং সংযোগ যুব গণপাঠাগার আর্কাইভ, কিশোরগঞ্জের যৌথ উদ্যোগে রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় সংযোগ যুব গণপাঠাগার আর্কাইভে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সংযোগ যুব গণপাঠাগার আর্কাইভের পরিচালক শাহ মো. সারওয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন পুলিশ লাইনস হাই স্কুলের প্রধান শিক্ষক নাজমুননাহার খানম মাছুমা এবং আলহাজ সামছুদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়, বত্রিশ, কিশোরগঞ্জের প্রধান শিক্ষক সুমাইয়া আক্তার রুনা।
অনুষ্ঠানে ‘স্মৃতিতে জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ে স্বরচিত রচনা পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী সৈয়দা ওয়াসিমুন্নাহার ফারিয়া এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. জুনায়েদ হোসেন। এছাড়া শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন তাৎপর্য ও ইতিহাসকে তুলে ধরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে বিচারকদের প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে ৩৮ জন শিক্ষার্থীকে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, ইতিহাসচর্চা এবং সৃজনশীল মনন বিকাশেও এ উদ্যোগ ইতিবাচক অবদান রাখবে।
What's Your Reaction?