কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড পেলেন প্রিয়মনি
সময়য়ের আলোচিত লাস্যময়ী চিত্রনায়িকা প্রিয়মনি। মডেলিং থেকে চলচ্চিত্রে এসে অল্প সময়েই নিজের গ্ল্যামার ও অভিনয় দিয়ে নির্মাতাদের নজর কাড়েন তিনি। এবার অভিনয়ে অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ‘কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড-২০২৬’।
শৈশব থেকেই শোবিজ অঙ্গনের প্রতি ছিল প্রিয়মনির অন্যরকম আকর্ষণ। যদিও কখনও ভাবেননি তিনি চলচ্চিত্রের নায়িকা হবেন। নিজের মেধা, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের জোরে ২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার সেরা দশে জায়গা করে নিয়ে আলোচনায় আসেন তিনি। সেই সুন্দরী প্রতিযোগিতাই তার জন্য খুলে দেয় শোবিজের নতুন দুয়ার।
প্রতিযোগিতার পর নজরকাড়া উপস্থিতি ও গ্ল্যামারের সুবাদে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান প্রিয়মনি। রাজু আলীম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত ‘ভালোবাসার প্রজাপতি’ ছিল তার প্রথম চুক্তিবদ্ধ চলচ্চিত্র, যেখানে তার সহশিল্পী ছিলেন চিত্রনায়ক শিপন মিত্র। তবে দর্শকদের সামনে বড় পর্দায় তার অভিষেক ঘটে অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ সিনেমার মাধ্যমে। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক নিরব।
চলচ্চিত্রের পাশাপাশি নাটক ও টেলিভিশন বিজ্ঞাপনেও কাজ করেছেন প্রিয়মনি। অভিনয়ের বিভিন্ন মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিয়ে ধীরে ধীরে নির্মাতাদের আস্থার জায়গা তৈরি করছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সেই অভিনয় যাত্রায় যুক্ত হয়েছে নতুন অর্জন। গত ১১ জুলাই রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হয় ‘কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড-২০২৬’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, যিনি কালারস মাল্টিমিডিয়ার উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।
সম্মাননা গ্রহণের পর প্রিয়মনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অভিনয় জীবনের এই স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও মনোযোগ দিয়ে ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে। দর্শকদের ভালোবাসা ও নির্মাতাদের আস্থার প্রতিদান দিতে তিনি নিয়মিত মানসম্পন্ন কাজ করে যেতে চান বলেও জানান।
উল্লেখ্য, ‘কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড-২০২৬’-এ অভিনয়ের পাশাপাশি বীমা, চিকিৎসাসেবা, সংগীত, মডেলিং, শিল্প ও বাণিজ্য, আবাসন, তরুণ উদ্যোক্তা এবং রেমিট্যান্সসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদেরও সম্মাননা প্রদান করা হয়। প্রিয়মনির এই অর্জন তার অভিনয় ক্যারিয়ারে নতুন একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
What's Your Reaction?