উলিপুরে কারেন্ট জালসহ ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
মোহাইমিনুল ইসলাম উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর বাজারে অভিযান চালিয়ে কারেন্ট জালসহ এক ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪(ক) ধারা লঙ্ঘনের দায়ে ৫(২)(ক) ধারায় ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) উপজেলার দুর্গাপুর বাজারে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তি হলেন মো. হারুন অর রশিদ (পিতা: মৃত সেকেন্দার আলী)। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সরকারপাড়া এলাকার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় তার কাছ থেকে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপস্থিত সবার সামনে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন উলিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম। এ সময় উলিপুর থানা পুলিশের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
What's Your Reaction?