শুল্ক ফাঁকি দেওয়া বিড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে ভ্যাট বিভাগ
শাহ সারওয়ার, কিশোরগঞ্জ প্রতিনিধি
অবৈধভাবে উৎপাদন ও শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাত করা বিড়ির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে ভ্যাট বিভাগ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট কিশোরগঞ্জ কার্যালয়ের উপকমিশনার এ এস এম নাজমূল হক শিমুল জানিয়েছেন, সরকারি রাজস্ব ফাঁকি রোধে মাঠপর্যায়ে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কিছু অসাধু বিড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্যান্ডরোলবিহীন ও নকল ব্যান্ডরোল ব্যবহার করে দীর্ঘদিন ধরে বাজারে বিড়ি ও সিগারেট বাজারজাত করছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ভ্যাট বিভাগ বিভিন্ন বাজার ও দোকানে মনিটরিং কার্যক্রম শুরু করেছে।
ভ্যাট বিভাগের উপকমিশনার জানান, বৈধ ব্যান্ডরোল ছাড়া কোনো বিড়ি উৎপাদন, পরিবহন কিংবা বিক্রি সম্পূর্ণ বেআইনি। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট আইন অনুযায়ী জরিমানা, পণ্য জব্দ এবং ফৌজদারি মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল বলছেন, শুল্ক ফাঁকি দেওয়া বিড়ির কারণে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
ভ্যাট বিভাগের পক্ষ থেকে সাধারণ জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধ বিড়ি উৎপাদন বা বিক্রির তথ্য জানলে নিকটস্থ ভ্যাট অফিসে অভিযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
What's Your Reaction?