নিয়ন্ত্রণহীন প্রাণিসম্পদ বিভাগ; যেন মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের বাজার
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকার প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন কার্যালয়ে অনিয়ম ও দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে।
সেবা নিতে এসে অনেক ভুক্তভোগী কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, একই এলাকায় অবস্থিত পৃথক দুটি ভবনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র এবং দুটি ভেটেরিনারি হাসপাতাল কার্যক্রম পরিচালিত হওয়ার কথা। তবে বাস্তবে এসব দপ্তরে কর্মকর্তাদের উপস্থিতি অত্যন্ত সীমিত।
অভিযোগ রয়েছে, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দপ্তরে দুইজন পঞ্চম গ্রেডের কর্মকর্তা এবং ৯ জন কর্মচারীর পদ থাকলেও নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না অধিকাংশই। সেখানে কেবল ক্যাশিয়ার উজ্জ্বল আহাম্মেদ বাবর ও স্টোরকিপার হযরত আলীকে দায়িত্ব পালন করতে দেখা যায়। এছাড়া জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. মোঃ সাইফুল আলম ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় মাঝে মধ্যে অফিসে আসেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়েও একই চিত্র দেখা গেছে। সেখানে দুইজন কর্মকর্তা উপস্থিত থাকলেও অন্যদের অনুপস্থিতি লক্ষ্য করা গেছে।
অপরদিকে, দুটি ভেটেরিনারি হাসপাতালে একজন করে দুইজনকে পাওয়া গেলেও সেবাগ্রহীতারা অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারীর উপস্থিতি পাননি বলে অভিযোগ করেছেন। এ অবস্থায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে এনে জনসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সুবিধাভোগীরা।
What's Your Reaction?