জামালপুরে বিনা চিকিৎসায় মারা গেলেন কারাবন্দী  আ'লীগ নেতা জিয়া—পরিবারের অভিযোগ অবহেলা

Apr 15, 2026 - 15:06
 0  14
জামালপুরে বিনা চিকিৎসায় মারা গেলেন কারাবন্দী  আ'লীগ নেতা জিয়া—পরিবারের অভিযোগ অবহেলা

জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও ১৪ নং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা, দিগপাইত ধরনীকান্ত উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জিয়াউল হক জিয়া মারা গেছেন।

মঙ্গলবার রাতের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরিবারের দাবি, যথাযথ চিকিৎসা না পাওয়ায়ই তার মৃত্যু হয়েছে। 

জানা গেছে, গত ১৫ জানুয়ারি একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন জিয়াউল হক জিয়া। কারাগারে থাকাকালীন হঠাৎ করে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রায় তিন দিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষ তার বড় মেয়েকে বিষয়টি অবহিত করে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেদিন ছিল বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ হওয়ায় হাসপাতালে চিকিৎসক সংকট ছিল। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

তবে অবস্থা গুরুতর হওয়া সত্ত্বেও তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার ব্যবস্থা না হওয়ায় তাকে আবার জামালপুর সদর থানায় নিয়ে আসা হয় বলে জানা গেছে। পরে সন্ধ্যার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়।

কিন্তু দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের পরিবারের অভিযোগ, সময়মতো যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হলে জিয়াউল হক জিয়াকে বাঁচানো সম্ভব হতো। তারা এই মৃত্যুকে ‘কারাগারে চিকিৎসা অবহেলার ফল’ বলে দাবি করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রাণী সাহা তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকর্মীদের কাছে নিশ্চিত করেছেন।।

জামালপুর।
১৫-০৪-২০২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow