সাভারের আশুলিয়ার গাজীরচট থেকএকাধিক আগ্নেয়াস্ত্রসহ ১ জন গ্রেফতার
খলিল ,সাভার
সাভারের আশুলিয়া মঙ্গলবার ভোররাতে গোয়েন্দা পুলিশ একটি বিশেষ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও ডাকাতির সরঞ্জামসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ জাহিদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। আশুলিয়া থানাধীন মধ্য গাজীরচট এলাকার এবাদুল্লাহ মসজিদ মাদ্রাসা রোড থেকে আফজাল হোসেন (৪৭) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। তিনি মধ্য গাজীরচট এলাকার বাসিন্দা। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শটারগান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রিভলবারটির গায়ে ‘MADE IN PAKISTAN’ এবং ওয়ান শটারগানটির বডিতে ‘BARMA’ লেখা খোদাই করা রয়েছে।
এছাড়াও ঘটনাস্থল থেকে একটি সুজুকি মোটরসাইকেল (ইঞ্জিন ও চেসিস নম্বরসহ) জব্দ করা হয়। একই স্থানে পলাতক সহযোগীদের ফেলে যাওয়া ডাকাতির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে ছিল স্টিলের তৈরি ধারালো ছোরা, লোহার তৈরি প্লাস্টিক বাটযুক্ত ছোরা এবং চাইনিজ কুড়াল সদৃশ অস্ত্র।
গোয়েন্দা সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের নিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় আটক ও পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশের ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান।
পুলিশের এই সফল অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
What's Your Reaction?