পদ ফিরে পেতে বিদেশি দূতাবাসে চিঠি পাঠালেন দেওয়ানগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নী আক্তার

Mar 8, 2026 - 17:18
 0  10
পদ ফিরে পেতে বিদেশি দূতাবাসে চিঠি পাঠালেন দেওয়ানগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নী আক্তার

দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের অপসারিত মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নী আক্তার তাঁর পদ পুনর্বহালের দাবিতে বিভিন্ন দেশের দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করে চিঠি পাঠিয়েছেন। রোববার (৮ মার্চ) দেওয়ানগঞ্জ ডাকঘর থেকে তিনি এসব চিঠি পাঠান।

জানা গেছে, তিনি ব্রিটিশ হাই কমিশনার, আমেরিকান হাই কমিশনার, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, সৌদি আরব, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া ও কানাডাসহ মোট ১৩টি দেশের দূতাবাসে এ চিঠি পাঠিয়েছেন।

দূতাবাসে পাঠানো চিঠিতে মুন্নী আক্তার উল্লেখ করেন, ২০২৪ সালের ২১ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি পাঁচজন নারী প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচনের সময় তিনি জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন— নির্বাচিত হলে তৃতীয় লিঙ্গের অবহেলিত মানুষদের বাসস্থান ও কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, যাতে তারা সমাজের বোঝা না হয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন।

এছাড়া অসহায় ও অবহেলিত মা-বোনদের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা এবং এলাকার রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার অঙ্গীকারও করেছিলেন তিনি।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ১৯ আগস্ট অন্তর্বর্তী সরকারের একটি নির্বাহী আদেশের মাধ্যমে তাকে পদচ্যুত করা হয়। যা জনগণের দেওয়া রায়কে অগ্রাহ্য করার শামিল এবং হাজার হাজার ভোটারের আমানতের অবমাননা।

মুন্নী আক্তার তাঁর চিঠিতে সংশ্লিষ্ট দূতাবাসগুলোর কাছে বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে পুনরায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে বহাল করার বিষয়ে সহযোগিতা কামনা করেছেন, যাতে তিনি আবারও জনগণের সেবা করতে পারেন এবং নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের সুযোগ পান।


মেহেদী হাসান

জামালপুর। 

০৮-০৩-২০২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow