জামালপুরে বোতল কুড়িয়ে জীবন চলা বৃদ্ধ দম্পত্তির পাশে মেয়র প্রার্থী সোহেল রানা খান
জামালপুর শহরে খালি প্লাস্টিকের বোতল ও কাগজ কুড়িয়ে কোনোমতে দিন কাটানো এক অসহায় বৃদ্ধ দম্পত্তির দায়িত্ব নিয়েছেন মেয়র প্রার্থী ও জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান। মানবিক এই উদ্যোগে খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের বাগেরহাটা বটতলা মোড়ে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের দলীয় কার্যালয়ে ওই বৃদ্ধ দম্পত্তির দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
এ সময় তাদের হাতে এক বস্তা চাল, দুই লিটার ভোজ্য তেল, ডাল, চিনি, আদা, হুইল পাউডার, সাবান, পেঁয়াজ, আলু, সেমাই, মুরগি, শাড়ি, লুঙ্গিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, ৭৫ বছর বয়সী চাঁন মিয়া ও তার স্ত্রী কুলসুম বেগমের বাড়ি জামালপুর শহরের বাগেরহাটা বটতলা মোড় এলাকায়। এক সময় রিকশা চালিয়ে সংসার চালাতেন চাঁন মিয়া। সেই আয়েই গড়ে তুলেছিলেন ছোট্ট সংসার। কিন্তু বয়সের ভারে এখন আর রিকশা চালানো সম্ভব হয় না। ফলে তাদের জীবনে নেমে এসেছে চরম দুর্দশা।
জীবিকার তাগিদে এই বৃদ্ধ দম্পত্তি প্রতিদিন শহরের বিভিন্ন রাস্তাঘাটে ঘুরে খালি প্লাস্টিকের বোতল ও কাগজ কুড়িয়ে বেড়ান। সারাদিন পরিশ্রম করে দুইজন মিলে দুই কেজি প্লাস্টিক বোতল বিক্রি করে পান মাত্র ৩০ থেকে ৪০ টাকা। সেই সামান্য অর্থ দিয়েই কোনোমতে চলে তাদের দু’মুঠো খাবারের ব্যবস্থা।
অথচ তাদের এক ছেলে ও দুই মেয়ে থাকলেও কেউই খোঁজখবর নেয় না। বয়সের ভারে ন্যুব্জ এই দম্পত্তির জীবনে যেন দুঃখ-কষ্টই ছিল নিত্যসঙ্গী। অনেক সময় আধপেটে কিংবা না খেয়েই কাটাতে হতো দিন।
যুবদল নেতা সোহেল রানা খান এই অসহায় দম্পত্তির আজীবন দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন চাঁন মিয়া। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন,
“আঙ্গর জীবনটা একেবারে বীষ হয়ে গেছিলো। দুই বুড়া-বুড়ি দিনে বোতল কুড়ায়ে কইটা ভাত খাইতাম। কোনো ভবিষ্যৎ আছিলো না। এহন একটা গতি হইছে। এহন আমরা একটু নিশ্চিন্ত। আল্লাহ ওনারে ভালো রাখুক।”
এ বিষয়ে সোহেল রানা খান বলেন, “আমাদের সমাজে এমন অসহায় মানুষের সংখ্যা কম নয়। আমরা যারা একটু স্বচ্ছল অবস্থায় আছি, তারা যদি প্রত্যেকে দুই-একজন অসহায় মানুষের দায়িত্ব নেই, তাহলে সমাজে আর কেউ অভুক্ত থাকবে না। সমাজটা অনেক সুন্দর হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, “আমি সবসময় বিএনপির আদর্শ মেনে চলি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই বৃদ্ধ দম্পত্তির দায়িত্ব নেওয়া তারই একটি ছোট উদ্যোগ।”
এ সময় স্থানীয় কয়েকজন নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা সোহেল রানা খানের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষরা এগিয়ে এলে অনেক অসহায় মানুষের জীবন বদলে যেতে পারে।
মেহেদী হাসান
জামালপুর।
০৫-০৩-২০২৬
What's Your Reaction?