জামালপুরে চাঁদা না পেয়ে ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সাজানো ধর্ষণ মামলা অভিযোগ

Nov 25, 2025 - 16:04
 0  27
জামালপুরে চাঁদা না পেয়ে ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সাজানো ধর্ষণ মামলা অভিযোগ

জামালপুর প্রতিনিধি

চাঁদা না পেয়ে ৭০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে সাজানো ধর্ষণ ও নির্যাতনের মিথ্যা মামলা দায়ের করা হয়েছে—এমন অভিযোগ তুলে মামলা প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মোহাম্মদ আলী জানিক।

আজ মঙ্গলবার ( ২৫ নভেম্বর ) দুপুরে জামালপুর শহরের একটি স্থানীয় পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের চর লোটাবর গ্রামের বাসিন্দা ৭০ বছরের বৃদ্ধ মোহাম্মদ আলী জানিক জানান, গত ২৩ নভেম্বর একই ইউনিয়নের মনোহর আলীর স্ত্রী শিরিনা বেগম সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, চলন্ত সিএনজিতে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে এবং ওই ঘটনায় বৃদ্ধ জানিকসহ কয়েকজনকে জড়ানো হয়েছে।

মোহাম্মদ আলী জানিক দাবি করেন, “ওই গৃহবধূ তার অভিযোগে যে সময়ের কথা উল্লেখ করেছেন, সে সময় আমি নিজ বাড়িতেই অবস্থান করছিলাম। আমাকে পরিকল্পিতভাবে হয়রানি করার জন্যই এই মামলায় জড়ানো হয়েছে।”

তিনি আরও জানান, কথিত ধর্ষণ মামলার সাক্ষী শফিকুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য মোতালেবের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। ওই জমি বিরোধকে কেন্দ্র করে সম্প্রতি তার কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় এবং পরে তাকে ধর্ষণের সাজানো মামলায় আসামি করা হয় বলে অভিযোগ করেন তিনি।

বৃদ্ধ মোহাম্মদ আলী জানিক বলেন, “আমার বয়স ৭০ বছর। এই বয়সে এসে আমাকে ধর্ষকের সাজানো মামলায় ফাঁসিয়ে সামাজিকভাবে হেয় ও মানসিকভাবে নিঃস্ব করার চেষ্টা চলছে। আমি এর সঠিক বিচার চাই।”

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগিত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় তার পরিবারের সদস্যসহ স্থানীয় কয়েকজন এলাকাবাসীও উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান 
জামালপুর। 
২৫-১১-২০২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow