পরাজিত শক্তির ষড়যন্ত্রের আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান এমপি ওয়ারেছ আলী মামুনের

Feb 14, 2026 - 18:47
 0  14
পরাজিত শক্তির ষড়যন্ত্রের আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান এমপি ওয়ারেছ আলী মামুনের

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ জামালপুরে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন জামালপুর-৫ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

আজ শনিবার বিকালে জামালপুর শহরের রশিদপুরস্থ নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। 

এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি বলেন, জামালপুর সদরসহ জেলার পাঁচটি আসনে ধানের শীষের প্রার্থীদের বিপুল ভোটে নির্বাচিত করায় সম্মানিত ভোটার ও সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। একই সঙ্গে নির্বাচন-পরবর্তী সময়েও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

এক বিবৃতিতে নবনির্বাচিত এই সংসদ সদস্য আশঙ্কা প্রকাশ করে বলেন, পরাজিত শক্তি ও পতিত স্বৈরাচারের দোসররা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সংযত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করেন, জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নে সম্প্রতি কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাশারুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ ফারুক আহম্মেদের দোকান লুটপাট ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজরুল ইসলামের বাড়িতেও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে দাবি করেন, এসব ঘটনা ঘটিয়ে উল্টো বিএনপির নেতাকর্মীদের ওপর দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা চলছে।

নবনির্বাচিত এমপি ওয়ারেছ আলী মামুন প্রশাসনের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হলে যে কোনো অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হবে। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এসময় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলো।

মেহেদী হাসান
জামালপুর। 
১৪-০২-২০২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow