টেলিটকের চাকরি প্রবিধানমালা প্রণয়ন ও ভাতা–সুবিধা দাবিতে অবস্থান কর্মসূচি

Jan 27, 2026 - 21:04
Jan 27, 2026 - 21:05
 0  129
টেলিটকের চাকরি প্রবিধানমালা প্রণয়ন ও ভাতা–সুবিধা দাবিতে অবস্থান কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডে পূর্ণাঙ্গ ও সময়োপযোগী চাকরি প্রবিধানমালা প্রণয়নসহ বিভিন্ন ভাতা–সুবিধা নিশ্চিত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা।

টেলিটক এমপ্লয়িজ ওয়েলফেয়ার এসোসিয়েশন (টেওয়া) সূত্রে জানা যায়, আধুনিক ও সমন্বিত চাকরি প্রবিধানমালা না থাকায় প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তা–কর্মচারীরা দীর্ঘদিন ধরে সরকার ঘোষিত নানা সুযোগ–সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অভিযোগ রয়েছে, বিদ্যমান নীতিমালার সঠিক প্রয়োগ না থাকায় তারা মহার্ঘ ভাতা, উচ্চতর গ্রেড, ছুটি নগদায়ন, গ্রুপ বীমা, শ্রান্তি বিনোদন ভাতাসহ বিভিন্ন সুবিধা পাচ্ছেন না।

এছাড়া, কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (সিপিএফ) ও গ্র্যাচুইটি প্রদানের হারও অন্যান্য সমমানের প্রতিষ্ঠানের তুলনায় অনেক কম বলে দাবি সংগঠনটির। পদোন্নতির ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ তুলেছেন কর্মীরা। তাদের ভাষ্য, যোগ্যতা থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির উদ্যোগ নেওয়া হয় না। বরং সময় সময়ে কর্তৃপক্ষের ইচ্ছানুযায়ী চাকরি প্রবিধানমালা ও পদোন্নতি নীতিমালায় খণ্ডিত পরিবর্তন, সংযোজন বা বিয়োজন করা হয়, যা কর্মকর্তা–কর্মচারীদের সামাজিক, আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

টেওয়ার নেতারা জানান, এসব বিষয়ে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর বিভিন্ন সময়ে স্মারকলিপি দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান মেলেনি।

এ প্রেক্ষাপটে টেওয়ার বার্ষিক সাধারণ সভা গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত টেলিটক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত প্রায় ৮৫ শতাংশ কর্মকর্তা–কর্মচারীর সম্মতিক্রমে উল্লিখিত ভাতা–সুবিধা আদায় এবং টেলিটকের জন্য পূর্ণাঙ্গ চাকরি প্রবিধানমালা প্রণয়নের দাবিতে কর্মসূচি গ্রহণ করা হয়।

এর ধারাবাহিকতায় আজ (২৭ জানুয়ারি) টেলিটকের প্রধান কার্যালয়ের সামনে প্রতিষ্ঠানটির কর্মকর্তা–কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow