সাতক্ষীরা-৩ আসনে ডাঃ শহিদুল আলমকে মনোনয়ন দেয়ার দাবীতে টানা তৃতীয় দিনের ন্যায় বিক্ষোভ সমাবেশ
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল এবং কেন্দ্রীয় বিএনপি নেতা জনপ্রিয় চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আশাশুনি ব্রিজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত সমাবেশ এসময় জনসমুদ্রে পরিণত হয়।
বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, “কাজী নয়, শহিদুল চাই, গরিবের ডাক্তারকে মনোনয়ন দাও, হটাও কাজী, বাঁচাও ধানের শীষ।”
এ সময় আশাশুনি সদর থেকে চাপড়া ব্রিজ এলাকা পর্যন্ত সড়কজুড়ে হাজারো মানুষের শ্লোগানে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে।
প্রতিবাদ সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। বিএনপি নেতা আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আছিফুর রহমান তুহিন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা আরো বলেন, ডা. শহিদুল আলম কোনো ব্যক্তি-নির্ভর রাজনীতির নাম নয়, তিনি মানুষের আশা-ভরসার প্রতীক। তিনি গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে নিজের অর্থে চিকিৎসা দিয়েছেন, বিনিময়ে কিছু চাননি। এমন প্রার্থীকে বঞ্চিত করে দল জনবিচ্ছিন্ন হতে পারে না।”
তারা বলেন,“ভুল মনোনয়ন দিলে এই আসনটি হারাবে বিএনপি। কাজী আলাউদ্দিনের মনোনয়ন প্রত্যাহার না করলে আন্দোলন আরও কঠোর হবে।” বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কেন্দ্র সিদ্ধান্ত বদল না করলে রাস্তাই হবে আমাদের শেষ ঠিকানা।”
এদিকে, একই সময় কালীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকাতেও বিক্ষুব্ধ নেতাকর্মীরা পৃথক সমাবেশ করেন। সেখানে ডা. শহিদুল আলমের সমর্থনে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন এবং বিক্ষোভ মিছিল বের করেন। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।##
০৬.১১.২৫
What's Your Reaction?