আ'লীগ নেতা মির্জা আজমের জমি বেদখল করতে গিয়ে জনতার ধাওয়ায় পালালো এনসিপির নেতা-কর্মীরা

Oct 29, 2025 - 19:30
 0  38
আ'লীগ নেতা মির্জা আজমের জমি বেদখল করতে গিয়ে জনতার ধাওয়ায় পালালো এনসিপির নেতা-কর্মীরা

জামালপুর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের জমি জবরদখল করতে গিয়ে স্থানীয় জনতার ধাওয়ায় পালিয়ে গেছে এনসিপির নেতা-কর্মীরা। এ সময় তারা ভেকু মেশিনসহ অন্যান্য মালামাল ফেলে গেছে।  বুধবার সকালে জামালপুর জেলার মেলান্দহের সাবেক কুহেলী সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ২০১১ সালের দিকে মেলান্দহের হাজী হাবিবুর রহমানের কাছ থেকে আওয়ামী লীগ নেতা মির্জা আজম ১ একর ২৫ শতাংশ জমি ক্রয় করেন।  এর আগে এই জমিতে কুহেলী সিনেমা হল ছিলো। মির্জা আজম জমি কেনার আগেই সিনেমা হলটি বিলুপ্ত হয়।  এরপর মির্জা আজমের ক্রয়কৃত জমিটি চারপাশে স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণ করে রাখা হয়েছে। বুধবার সকালের দিকে মেলান্দহের এনসিপি নামধারী কিছু নেতাকর্মী জমিটি জবরদখল করতে ভেকু মেশিন নিয়ে সেখানে উপস্থিত হয়। তারা জমিটির সামনের গেইটের তালা ভেঙ্গে ভেকু মেশিন প্রবেশ করান। এরপর ভেকু দিয়ে মাটি উত্তোলন করে ড্রাম ট্রাকে করে অন্যত্র সরিয়ে নিতে থাকে। খবর পেয়ে স্থানীয় জনতা উপস্থিত হয়ে প্রথমে বাঁধা দেন। কিন্তু তারা পাত্তা দেন নাই। পরে স্থানীয় জনতা ঐক্যবদ্ধ হয়ে এনিসিপির নেতাদের ধাওয়া দিলে তারা ভেকু মেশিন রেখেই পালিয়ে যান। এ নিয়ে স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে এনসিপি জামালপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়ক শাহ মোঃ খলিলুর রহমান সাংবাদিকদের জানান, মেলান্দহে মির্জা আজমের জমি থেকে মাটি কেটে নেওয়ার ঘটনার সাথে এনসিপির কেউ জড়িত না। তিনি শুনেছেন ওই ঘটনার সাথে জড়িতদের কেউ কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য হতে পারে। এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ডকে এনসিপি কখনো সমর্থন করে না।

এ ব্যাপারে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট জানান, বিষয়টি শুনেছি।তবে এনসিপি নেতাদের বিষয়ে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। তবে কয়েকজন মির্জা আজমের জমিতে মাটি কাটতে গেলে স্থানীয়দের ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে। 


মেহেদী হাসান
জামালপুর। 
২৯-১০-২০২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow