পিতা ও ভাইয়ের বিরুদ্ধে সম্পদ বঞ্চিত-মিথ্যা মামলার অভিযোগ
ফারুক হোসেন শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে জীবদ্দশায় সেনাবাহিনীতে চাকরিরত বড় ছেলের নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়ে ছোট ছেলেকে বঞ্চিত করা এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে পিতা ও বড় ছেলের বিরুদ্ধে।এ অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ছোট ছেলে সাদ্দাম হোসেন সাগর। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ঘাকপাড়া বাজারে স্থানীয়দের উপস্থিতিতে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাগর জানান, উপজেলার ঘাকপাড়া গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন ভিটেবাড়িসহ ১১২ শতক জমি সেনাবাহিনীর সার্জেন্ট পদে কর্মরত বড় ছেলে রেজাউল করিমের নামে লিখে দিয়েছেন। এছাড়া সম্প্রতি জমি বিক্রির ১৫ লাখ টাকাও তিনি বড় ছেলেকে দিয়েছেন। অন্যদিকে, রেজাউল করিম ময়মনসিংহ শহরে দুই ভাইয়ের নামে যৌথভাবে জমি কেনার কথা বলে ছোট ভাই সাগরের কাছ থেকে বড় ভাই ২২ লাখ ৫০ হাজার টাকা নেয়। পরবর্তীতে ময়মনসিংহের জমি নিজ নামে দলিল করেন এবং টাকাও ফেরত দেন না। এছাড়া সাগরের মেয়ের নামে জালাল উদ্দিনের লিখে দেওয়া ২৫ শতক জমি বিক্রি করতে চাইলেও পিতা জালাল উদ্দিন ও তার বড় ছেলে রেজাউল দুই জনে মিলে বাধা দেন। এমতাবস্থায় এসব বিষয় নিয়ে এলাকায় একাধিকবার স্থানীয় গণ্যমান্যের উপস্থিতিতে বিষয়টি সুরাহা করার চেষ্টা করা হলেও তারা মিমাংসায় আসেন না। একপর্যায়ে সালিশী বৈঠকে জালাল উদ্দিন ও ছোট ছেলের মাঝে বাকবিতন্ডা বাধে। পিতা-পুত্রের এই বাকবিতন্ডাকে ছেলে কর্তৃক পিতাকে মারধরের ঘটনা সাজিয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি পারিবারিক হওয়ায় থানা কর্তৃপক্ষ আপোষের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরবর্তীতে সেনাবাহিনীতে চারকুরীরত বড় ছেলে রেজাউল করিম প্রভাব খাটিয়ে ওই মামলার মনগড়া প্রতিবেদন করায় বলেও অভিযোগ করা হয় ওই সংবাদ সম্মেলনে। এদিকে, ভুক্তভোগী ছোট ছেলে সাদ্দাম হোসেন সাগর পিতা ও বড় ভাই এর কাছে পৈত্রিক সম্পত্তির ন্যায্য পাওনা এবং মিথ্যা মামলার প্রতিকার দাবি করেছেন।
What's Your Reaction?