মহিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ ‘ডিজিটাল যুগে, সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মহিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপি-র উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সিডিপি ম্যানেজার দীপক কুমার দাসের সভাপতিত্বে ও প্রোগ্রাম ফ্যাসিলিটেটর দীনা রিছিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক। এছাড়াও হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি ইব্রাহিম খান বলেন, ‘ডিজিটাল যুগে টিকে থাকতে হলে সবাইকে শিক্ষার আলোয় আলোকিত হতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, প্রাপ্তবয়স্কদের জন্য জীবনমুখী শিক্ষার প্রসার ঘটাতে হবে।’
বিশেষ অতিথি মাইনুদ্দিন আল আতিক বলেন, ‘সাক্ষরতা কোনো বিলাসিতা নয়, এটি মৌলিক অধিকার। অশিক্ষা দূরীকরণে সরকারসহ বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে।’
সিডিপি ম্যানেজার দীপক কুমার দাস বলেন, ‘শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, সমাজ ও জাতির অগ্রগতির মূল চাবিকাঠি। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আমাদের নতুন করে সেই অঙ্গীকারের কথা মনে করিয়ে দেয়। সাক্ষরতা ও শিক্ষার প্রসার ঘটাতে গুড নেইবারস সবসময় কাজ করে যাচ্ছে।’
এছাড়াও বক্তারা সাক্ষরতা দিবসের তাৎপর্য, প্রাপ্তবয়স্কদের শিক্ষা এবং জীবনব্যাপী শিক্ষার গুরুত্বের পাশাপাশি সাক্ষরতা উন্নয়নে সরকারি উদ্যোগ ও নীতিমালার প্রসঙ্গ তুলে ধরেন।
প্রসঙ্গত, প্রতি বছর ৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়।
What's Your Reaction?