মহিপুর কো-অপারেটিভ স্কুলে রেজিস্ট্রেশন জালিয়াতি

Aug 19, 2025 - 19:01
 0  71
মহিপুর কো-অপারেটিভ স্কুলে রেজিস্ট্রেশন জালিয়াতি

বিপাকে অনেক শিক্ষার্থী, ক্ষুব্ধ অভিভাবকরা

মুন্সী ইউসুফ কুয়াকাটা প্রতিদিন:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত চরম অনিয়ম ও জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিভাবকদের কাছ থেকে নিয়মিত ফি নেওয়া হলেও বছরের পর বছর বহু শিক্ষার্থী রেজিস্ট্রেশনবিহীন থেকে পড়াশোনা করছে। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।

অভিযোগে জানা যায়, বিদ্যালয়টির ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির অনেক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা হয়নি। অথচ প্রতি বছর রেজিস্ট্রেশনের নামে অভিভাবকদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে।

এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমার সন্তান তিন বছর ধরে এখানে পড়ছে। প্রতিবছর রেজিস্ট্রেশনের টাকা দিয়েছি। আজ এসে শুনলাম, একটিও শ্রেণির রেজিস্ট্রেশন হয়নি।”

আরেকজন অভিভাবক বলেন,
“বিদ্যালয় কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি। এখন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।”

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন,
“ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান জানান,
“কোনো শিক্ষার্থী রেজিস্ট্রেশনবিহীন হলে তাকে বৈধ শিক্ষার্থী হিসেবে গণ্য করা যাবে না এবং সে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগও পাবে না। লিখিত অভিযোগ পেলে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow