খল অভিনেতা হয়ে প্রেক্ষাগৃহে আসছে সরকার রওনক রিপন
এ সময়ের দর্শকপ্রিয় অভিনেতা ও পরিচালক সরকার রওনক রিপন। অভিনয় এবং পরিচালনা, বিনোদনের দুই জগতেই তিনি নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তবে এবার তিনি আসছেন সম্পূর্ণ ভিন্ন এক রূপে, যা দর্শককে চমকে দিতে যাচ্ছে। আগামী ৩১ জুলাই দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শেকড়’। আর এই ছবিতে মূল খল চরিত্রে অভিনয় করেছেন সরকার রওনক রিপন।
দেশের গণ্ডি পেরিয়ে ‘শেকড়’ ইতিপূর্বে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে মর্যাদাপূর্ণ টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে। আন্তর্জাতিক অঙ্গনে এর অগ্রযাত্রা এখানেই থামছে না, আগামী ১ আগস্ট নিউ ইয়র্ক এবং ২ আগস্ট কানাডায় ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যসহ বিশ্বের আরও কয়েকটি দেশে ছবিটি মুক্তির তালিকায় রয়েছে। আন্তর্জাতিকভাবে প্রশংসিত এই প্রজেক্টে প্রধান খলচরিত্রের ভার রিপনের কাঁধেই সঁপেছেন নির্মাতা।
ছবিটিতে কাজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে সরকার রওনক রিপন বলেন, ‘বেশিরভাগ সময় ক্যামেরার পেছনে নির্দেশনা দেওয়া বা পর্দায় ভিন্নধর্মী খল চরিত্রে অভিনয় করতেই অভ্যস্ত আমি। তবে 'শেকড়' ছবির গল্প এবং আমার চরিত্রটি এতটাই শক্তিশালী ও জটিল ছিল যে অভিনেতা হিসেবে লোভ সামলাতে পারিনি। শুধু অভিনয়ে মন দেওয়া এবং প্রধান খলচরিত্র ফুটিয়ে তোলাটা আমার জন্য দারুণ এক চ্যালেঞ্জ ছিল। আন্তর্জাতিক ফেস্টিভ্যালে ছবিটি ইতিবাচক সাড়া পেয়েছে, এখন দেশের দর্শকের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় আছি। আশা করি সিনেমাটি আপনাদের সবার মন ছুয়ে যাবে।’
উল্লেখ্য, ‘শেকড়’ চলচ্চিত্রটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রসুন রহমান। প্রখ্যাত তারকাদের মেলবন্ধনে সমৃদ্ধ হয়েছে ‘শেকড়’-এর অভিনয়শিল্পী দল। ছবিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এফ এস নাঈম, আয়েশা খান, বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান, সমু চৌধুরী, নাফিস আহমেদ, নাইরুজ সিফাত ও সংগীতা চৌধুরী, মাহবুবুর রহমানসহ আরও অনেককে।
What's Your Reaction?