জেলা পর্যায়ের নেতৃত্ব থেকে জাতীয় পর্যায়ে; আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞ বীথির হাতে নতুন দায়িত্ব

Jul 26, 2026 - 13:11
Jul 26, 2026 - 13:12
 0  13
জেলা পর্যায়ের নেতৃত্ব থেকে জাতীয় পর্যায়ে; আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞ বীথির হাতে নতুন দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল:

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৪তম কেন্দ্রীয় সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের আন্দোলন-সংগ্রামের পরিচিত মুখ ফাতেমা রহমান বীথি। বর্তমানে তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

শুক্রবার (২৪ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৪তম কেন্দ্রীয় সম্মেলনের সমাপনী অধিবেশনে নতুন কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়। একই সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ, যিনি পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

ফাতেমা রহমান বীথি টাঙ্গাইলের সখিপুর আবাসিক মহিলা কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি টাঙ্গাইল ল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী।

দীর্ঘদিন ধরে টাঙ্গাইলে শিক্ষার্থীদের অধিকার, নাগরিক সমস্যা এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বীথি। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তিনি শুরু থেকেই নেতৃত্ব দেন এবং টাঙ্গাইল জেলার সমন্বয়কের দায়িত্ব পালন করেন। ওই আন্দোলন চলাকালে টাঙ্গাইলে আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায়ও তাকে আসামি করা হয়েছিল।

এছাড়া ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলন, ধর্ষণবিরোধী আন্দোলনসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে টাঙ্গাইলে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। শহীদ মিনারে ধারাবাহিক অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন গণআন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একজন আন্দোলনকর্মী হিসেবে তিনি পরিচিতি লাভ করেন।

জেলা পর্যায়ে সফল সাংগঠনিক নেতৃত্বের পর এবার কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জাতীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ফাতেমা রহমান বীথি। তার এই নির্বাচনে টাঙ্গাইলের প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow