মুরাদ সিদ্দিকীর বিরুদ্ধে ইকবাল হোসেনকে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের আওয়ামীলীগের নেতা আমিনুর রহমান খান বাপ্পি হত্যা মামলার আসামী মুরাদ সিদ্দিকীর বিরুদ্ধে মো. ইকবাল হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার কলেজপাড়া এলাকার বাসিন্দা বাপ্পি হত্যা মামলার সাক্ষী মো. ইকবাল হোসেন (৫৯) ২৩ জুলাই টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি করেন। থানায় আবেদনটি জিডি নম্বর-১৭৭৩ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
জিডিতে ইকবাল হোসেন উল্লেখ করেন, তিনি আওয়ামী লীগের নেতা আমিনুর রহমান খান বাপ্পি হত্যা মামলার সাক্ষী। আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার সময় মুরাদ সিদ্দিকী তাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য চাপ দেন। তিনি এতে রাজি না হলে মুরাদ সিদ্দিকী প্রকাশ্যে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ করেন।
জিডিতে আরও বলা হয়, এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে তিনি সাধারণ ডায়েরি করেন।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুস্তাফা আশরাফ উদ্দিন অভিযোগটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত মুরাদ সিদ্দিকীর বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?