সন্তান না হওয়া নিয়ে দাম্পত্য কলহ, কালকিনিতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ; স্বামী গ্রেপ্তার 

Jul 19, 2026 - 13:05
 0  9
সন্তান না হওয়া নিয়ে দাম্পত্য কলহ, কালকিনিতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ; স্বামী গ্রেপ্তার 

মাদারীপুর প্রতিনিধি 

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে স্ত্রী জোবেদা বেগম (৬০)-কে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সুলতান সরদার (৬৫)-এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন সংসার করলেও দম্পতির কোনো সন্তান হয়নি। বিষয়টি নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক বিরোধ ও কলহ হতো। এরই ধারাবাহিকতায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

ঘটনার খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রিপন আলী খান ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত সুলতান সরদারকে গ্রেপ্তার করেন। 

মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, "দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। প্রাথমিক তদন্তে আমরা জেনেছি, সেই কলহের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও জব্দ করা হয়েছে।" 

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

পারিবারিক বিরোধ থেকে সংঘটিত এ হত্যাকাণ্ড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, পারিবারিক বিরোধ ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও পারিবারিক কাউন্সেলিং জোরদার করা প্রয়োজন।


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow