মাদারগঞ্জে জমি দখল ও চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের কয়ড়া গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছে।
অভিযোগে বলা হয়েছে, একই এলাকার সাইফুল ও ফরহাদের বিরুদ্ধে ভুয়া মালিকানা দাবি করে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া ও গাছ রোপণ করে পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, তারা প্রায় চার শতক জমির ওপর দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন এবং ওই জমির বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে। এছাড়া বাড়ির সঙ্গে সংলগ্ন এক শতকেরও কম একটি জমি প্রায় ৫০ বছর ধরে তারা ভোগদখলে রেখে আসছেন।
তাদের অভিযোগ, সম্প্রতি সাইফুল ও ফরহাদ ওই জমির মালিকানা দাবি করলেও কোনো বৈধ দলিল বা কাগজপত্র দেখাতে পারেননি। জমির কাগজ দেখতে চাইলে তারা তা দেখাতে অস্বীকৃতি জানান এবং পরে কাগজপত্র তৈরি করে নেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
অভিযোগ অনুযায়ী, গত সোমবার (৬ জুলাই) সাইফুল ও ফরহাদ কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় গাছ রোপণ ও বাঁশের বেড়া দিয়ে পথটি সম্পূর্ণ বন্ধ করে দেন। এতে পরিবারের সদস্যরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। বিশেষ করে নারী ও শিশুদের চলাচলও ব্যাহত হচ্ছে বলে দাবি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের এক সদস্য বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি। কোনো বৈধ কাগজপত্র ছাড়াই আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বাধা দিতে গেলে আমাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। বর্তমানে আমরা নিজ বাড়িতেই কার্যত বন্দী অবস্থায় আছি।”
এ ঘটনায় স্থানীয় কয়েকজন বাসিন্দাও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, কোনো বৈধ কাগজপত্র ছাড়া জোরপূর্বক কারও চলাচলের পথ বন্ধ করে দেওয়া আইনসম্মত নয়। তারা দ্রুত রাস্তা খুলে দেওয়া এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাইফুল ও ফরহাদের বক্তব্য পাওয়া যায়নি।
What's Your Reaction?