শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত সনি রহমান
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে শিবা সানু-জয় চৌধুরী প্যানেল থেকে সাংগঠনিক সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন অভিনেতা সনি রহমান। তিনি পেয়েছেন ২৩৩ ভোট। একই পদে প্রতিদ্বন্দ্বিতা করা ফাইটার চুন্নু পেয়েছেন ১৮৩ ভোট।
এর আগে শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন সনি রহমান। দায়িত্ব পালনকালে শিল্পী সমিতির বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং শিল্পীদের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তিনি সদস্যদের প্রশংসা অর্জন করেন।
নির্বাচনে অংশ নেওয়া একাধিক ভোটার জানান, কোনো শিল্পী অসুস্থ হলে, আর্থিক বা ব্যক্তিগত সংকটে পড়লে কিংবা কোনো শিল্পীর মৃত্যুতে সবার আগে এগিয়ে যেতে দেখা গেছে সনি রহমানকে। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে একটি মসজিদ নির্মাণের উদ্যোগেও তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন তারা।
ভোটারদের মতে, শিল্পীদের কল্যাণে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা এবং দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবেই এবার তাকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। নতুন দায়িত্বেও তিনি শিল্পী সমিতির উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে কাজ করবেন বলে প্রত্যাশা তাদের।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় সনি রহমান বলেন, “আমার প্রতি আস্থা রেখে যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই বিজয় শুধু আমার নয়, পুরো চলচ্চিত্র পরিবারের। অতীতের মতো ভবিষ্যতেও শিল্পীদের সুখে-দুঃখে পাশে থেকে শিল্পী সমিতির উন্নয়ন ও সদস্যদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
What's Your Reaction?