প্রতিশ্রুতিশীল চিত্রনায়িকা হিসেবে সম্মাননা পেলেন প্রিয়মনি
টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত ‘ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’-এ সম্মানিত হয়েছেন চিত্রনায়িকা প্রিয়মনি। প্রতিশ্রুতিশীল চিত্রনায়িকা ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার অর্জন করেন।
গত মঙ্গলবার (৫ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সাবেক সভাপতি, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম এবং ট্রাব সভাপতি সালাম মাহমুদ।
দীর্ঘদিন পর নতুন উদ্যমে শোবিজ অঙ্গনে সরব হওয়া প্রিয়মনি সম্প্রতি ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ আসরেও ভিন্নধর্মী লুকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন। তার আত্মবিশ্বাসী উপস্থিতি, স্টাইল ও অভিনয় দক্ষতা নতুন করে আলোচনায় নিয়ে এসেছে তাকে।
এবারের আয়োজনে কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, বরেণ্য সংগীতশিল্পী বশির আহমেদকে (মরণোত্তর) এবং দেশবরেণ্য রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সংস্কৃতি, গণমাধ্যম ও বিভিন্ন অঙ্গনের আরও বেশ কয়েকজন গুণী ব্যক্তি ও তারকাকে সম্মানিত করা হয়।
উল্লেখ্য, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’-এর সেরা দশে জায়গা করে নেওয়ার মাধ্যমে আলোচনায় আসেন প্রিয়মনি। পরে অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। বর্তমানে তার অভিনীত ‘ভালোবাসা প্রজাপতি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও নিয়মিত কাজ করছেন তিনি।
What's Your Reaction?