উলিপুরে হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেফতার
মোহাইমিনুল ইসলাম উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পরিকল্পনার অভিযোগে উলিপুর উপজেলা হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমানকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (০২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ গ্রামস্থ নিজ বসতবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মশিউর রহমান হাতিয়া ভবেশ (তাড়িপাড়া) গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বিগত ২৫ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১:১৫ ঘটিকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও কৃষকলীগের নেতাকর্মীরা বর্তমান সরকারের পদত্যাগের দাবী ও তাদের সংগঠনের নিষিদ্ধের আদেশ বাতিলের লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করে। তারা ধামশ্রেণী ইউনিয়নের রাণিগঞ্জ চৌমুহনী হতে অনন্তপুর চৌমুহনীগামী পাকা রাস্তায় ঠেকরাকুড়া ব্রিজের উপর অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে এবং লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। একই সাথে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মশিউর রহমান ঘটনার সাথে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি উলিপুর উপজেলা হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামিকে উলিপুর থানার মামলা নং-০৭, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৮/৯(১)/১০/১১/১২ ধারায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
What's Your Reaction?