সাতক্ষীরায় এনজিওর ম্যানেজার ভুট্ট'র বিরুদ্ধে  ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

Jun 28, 2026 - 20:45
 0  9
সাতক্ষীরায় এনজিওর ম্যানেজার ভুট্ট'র বিরুদ্ধে  ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি,ঃ
সাতক্ষীরা শহরের রাজারবাগান কলেজ রোডস্থ ‘শুভেচ্ছা মহিলা সমবায় সমিতি লিমিটেড’-এর সাবেক ম্যানেজার বিপ্লব কুমার নাথ (ভূট্ট)-এর বিরুদ্ধে ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমিতির সভানেত্রী লিলি জেসমিন সাতক্ষীরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, শহরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা ও ‘শুভেচ্ছা মহিলা সমবায় সমিতি লিমিটেড’-এর সভানেত্রী লিলি জেসমিন অভিযোগ করেন যে, সমিতির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনকালে বিপ্লব কুমার নাথ (ভূট্ট) দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের আর্থিক বিষয়াদি পরিচালনা করতেন। সম্প্রতি তাঁর কাছে হিসাব চাইলে তিনি নানা টালবাহানা শুরু করেন।
পরবর্তীতে হিসাব-নিকাশ করে দেখা যায়, সমিতির প্রায় ৭০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, আত্মসাৎকৃত অর্থ দিয়ে অভিযুক্ত ব্যক্তি নিজের নামে এলাকায় জমি ক্রয় করেছেন। তবে সেই জমি বিক্রি করে সমিতির অর্থ ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি তা করেননি।


এছাড়া অভিযুক্তের কাছে সমিতির সদস্যদের চেক, চেক বই এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে, যা তিনি এখনো বুঝিয়ে দেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার আপোষ-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত ব্যক্তি সালিশে উপস্থিত হননি বলে অভিযোগকারী দাবি করেছেন।
অভিযোগে আরও বলা হয়, গত ১৬ জুন সকাল আনুমানিক ১০টার দিকে সমিতির টাকা ও কাগজপত্র ফেরত চাইতে গেলে অভিযুক্ত ব্যক্তি তাদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে তাড়িয়ে দেন।
ঘটনার সাক্ষী হিসেবে মুন্সিপাড়া এলাকার সেলিনা ইসলাম ও মেহেরুন নিগারসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সমিতির পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সমিতির অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
অভিযোগকারী পক্ষের ভাষ্য, উক্ত সমস্যার সমাধানকল্পে শুভেচ্ছা মহিলা সমবায় সমিতির সভানেত্রী লিলি জেসমিন চলতি বছরের ৩ মে জেলা সমবায় অফিসার বরাবর বিপ্লব কুমার নাথ (ভুট্টো) বিরুদ্ধে দুর্নীতির তদন্ত অনুসন্ধান করতে একটি  অভিযোগ দাখিল করেন। কিন্তু সেখানেও বিষয়টি সুরাহা হয়নি। তিনি আরো অভিযোগ করে বলেন, "বিপ্লব কুমার নাথ (ভূট্ট) সুকৌশলে চাকরি ছেড়ে দেওয়ার পর সমিতির প্রকৃত আর্থিক অবস্থা সামনে আসতে শুরু করে। হিসাব পর্যালোচনায় সমিতির আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক বলে প্রতীয়মান হয়েছে। অথচ সমিতির চারটি ট্রাক ও বিভিন্ন জমি থেকে আনুমানিক ৯০ লাখ থেকে ১ কোটি টাকা লাভ হওয়ার কথা ছিল। চাকরির শুরুতে তাঁর বেতন ছিল মাত্র ৫ হাজার ৩০০ টাকা। তারপরও তাঁর আর্থিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটে এবং তিনি ছেলে-মেয়েদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করাচ্ছেন। সীমিত বেতনের চাকরি থেকে কীভাবে এই আর্থিক সক্ষমতা তৈরি হলো, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানাচ্ছি।"
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow