সবুজে সাজবে সাতক্ষীরা বন্ধুসভার অভিনব চারা উপহার কর্মসূচি শুরু

Jun 13, 2026 - 19:39
 0  13
সবুজে সাজবে সাতক্ষীরা বন্ধুসভার অভিনব চারা উপহার কর্মসূচি শুরু

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা।। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রথম আলো বন্ধুসভা, সাতক্ষীরা জেলা শাখা। সংগঠনের সকল সদস্যের হাতে একটি করে গাছের চারা উপহার দেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। ১৩ জুন, শনিবার বিকেলে প্রথম আলোর সাতক্ষীরা নিজস্ব কার্যালয়ে একটি গাছের চারা হস্তান্তরের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাসের হাতে চারাগাছ তুলে দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাররাম বিল্লাহ ইমন। উপহার হিসেবে গাছের চারা গ্রহণ করে অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন "আজ একটি চারাগাছ উপহার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। বন্ধুসভার বন্ধুরা যে চমৎকার ও দূরদর্শী উদ্যোগ নিয়েছে, তা সত্যি প্রশংসনীয়। একটি সবুজ বাংলাদেশ গড়তে সাতক্ষীরা বন্ধুসভার সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমি আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সুন্দর কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হবে।" কর্মসূচির উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ ইমন বলেন "সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বন্ধুদের হাতে চারাগাছ তুলে দিতে পেরে আমি গর্বিত। আমরা চাই সাতক্ষীরা জেলাকে সবুজে রূপান্তর করতে। গাছ আমাদের অক্সিজেন দেয়, জীবন বাঁচায়। তাই আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে যেন প্রতিটি বন্ধুর হাতে আমরা চারাগাছ পৌঁছে দিতে পারি। পরিবেশ রক্ষায় আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত—আমরা যদি প্রয়োজনে একটি গাছ কাটি, তবে তার পরিবর্তে যেন অন্তত পাঁচটি গাছ লাগাই।" উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা বন্ধুসভার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী দিনগুলোতে জেলার প্রত্যন্ত অঞ্চলে এই সবুজ বার্তা পৌঁছে দেওয়ার এবং পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন বন্ধুসভার বন্ধুরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow