কলাপাড়ায় অধ্যক্ষের কক্ষে তালা, চার শিক্ষক ও এক কর্মচারীর বিরুদ্ধে মামলা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে তালা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চার শিক্ষক ও এক কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) কলাপাড়া থানায় মামলাটি করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ। মামলায় অভিযুক্তরা হলেন—সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন সিকদার, সহকারী অধ্যাপক সজল চন্দ্র ভাট, প্রভাষক তৌহিদুল ইসলাম এবং চতুর্থ শ্রেণির কর্মচারী মো. মোশারফ মৃধা। মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৬ জুন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আবুল কালাম আজাদ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে কলেজের অধ্যক্ষ বসির আহম্মেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার এমপিও সুবিধা স্থগিত করা হয়। অধ্যক্ষ আবুল কালাম আজাদ অভিযোগ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকে একটি পক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। ঘটনার দিন অভিযুক্তরা তার কক্ষে তালা লাগিয়ে দেন, নাম ধরে গালাগাল করেন এবং তাকে কক্ষ থেকে নামিয়ে দেন। এতে কলেজে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি আরও অভিযোগ করেন, কলেজে প্রশাসনিক কার্যক্রমে বাধা সৃষ্টি, মানসিক চাপ প্রয়োগ এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে। অন্যদিকে অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেন সিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, আবুল কালাম আজাদ অবৈধভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ দখল করে আছেন। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি। বিষয়টি সমাধানে আগামী শনিবার আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি। সমাধান না হলে কঠোর আন্দোলন ও আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন। এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে সত্যতা যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং কলেজের স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
What's Your Reaction?