সাতক্ষীরায় মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গণ তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের করণীয় শীর্ষক সেমিনার
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ “মাদক নয়, মৃত্যু নয়, মাদক মুক্ত জীবন চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গণ তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের আয়োজনে ও সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগিতায় সোমবার দুপুরে কলেজ হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। প্রধানন অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসময় বলেন, যারা সময়কে গুরুত্ব দেয়, তারা সফল হবে। জীবনটা একটা যুদ্ধ। জীবনটাকে মাদকে আসক্ত করলে জীবন যুদ্ধে হেরে যাবে। জীবন উদ্দেশ্যহীন হলে চলবেনা, রুটিন মাফিক চলতে হবে। তোমাদের জীবন গড়ার সময়ই তো এখন। টার্গেট নিয়ে এগিয়ে যাও তাহলে সফলতা একদিন ধরা দেবেই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান চৌধুরী, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান শামসুজ্জামান প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষার্থী তাসনিম তাবাচ্ছুম মীম। সেমিনার শেষে শিক্ষার্থীদেরকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এসময় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের প্রতিনিধি মোঃ রাজিবুল ইসলাম।
What's Your Reaction?