ইসলামপুরে জাতীয় পার্টির শক্ত প্রার্থী আনোয়ার হোসেন নদীভাঙন ও অবহেলিত মানুষের কল্যাণে কাজের প্রত্যয়
জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক মো: আনোয়ার হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-০২ (ইসলামপুর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ও তৃণমূল পর্যায়ের জনপ্রিয়তাকে সামনে রেখে তিনি ইসলামপুরবাসীর অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মো: আনোয়ার হোসেন দলীয় দুঃসময়ে মাঠে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। কেন্দ্র থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ে দলের কর্মসূচি বাস্তবায়নে তার ভূমিকা প্রশংসিত। রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা এবং মানুষের পাশে থাকার মানসিকতা তাকে ইসলামপুরে জাতীয় পার্টির একজন গ্রহণযোগ্য ও শক্ত প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইসলামপুর উপজেলা দীর্ঘদিন ধরে নদীভাঙন, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান ও মৌলিক নাগরিক সুবিধার অভাবে পিছিয়ে রয়েছে। বিশেষ করে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে প্রতিবছর শত শত পরিবার সর্বস্ব হারাচ্ছে। এসব অবহেলিত ও নদীভাঙন কবলিত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেছেন আনোয়ার হোসেন। মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ইসলামপুরের মানুষ বছরের পর বছর অবহেলা ও বঞ্চনার শিকার। আমি নির্বাচিত হলে নদীভাঙন রোধ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, শিক্ষা-স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।” তিনি আরও বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, মানুষের সেবা করার একটি মাধ্যম। জাতীয় পার্টি সবসময় সাধারণ মানুষের কথা বলে, আমিও ইসলামপুরের প্রতিটি মানুষের কণ্ঠস্বর হতে চাই।” স্থানীয় নেতাকর্মীদের মতে, মো: আনোয়ার হোসেনের মনোনয়নে ইসলামপুরে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ইতোমধ্যে নির্বাচনী মাঠে সক্রিয় হতে শুরু করেছেন। দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তির মাধ্যমে ইসলামপুরে জাতীয় পার্টির অবস্থান আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদী। স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীদের ধারণা, দীর্ঘদিনের পরিচিত মুখ, পরিষ্কার ভাবমূর্তি ও উন্নয়নমুখী পরিকল্পনার কারণে মো: আনোয়ার হোসেন আসন্ন নির্বাচনে ইসলামপুর আসনে উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবেন।। মেহেদী হাসান জামালপুর। ২৫-১২-২০২৫
What's Your Reaction?