কলাপাড়ায় দুর্যোগ পূর্বাভাসভিত্তিক আগাম বার্তা প্রস্তুতকরণ কর্মশালা অনুষ্ঠিত

Jul 28, 2025 - 20:25
 0  65
কলাপাড়ায় দুর্যোগ পূর্বাভাসভিত্তিক আগাম বার্তা প্রস্তুতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রমের অংশ হিসেবে পরামর্শমূলক বার্তা প্রস্তুতকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের ‘পায়রা’ কনফারেন্স রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাগোনারী’ এ কর্মশালার আয়োজন করে। জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে, রাইমসের কারিগরি সহায়তায় এবং সেভ দ্য সিলড্রেন ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন জাগোনারীর প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. মনিরুজ্জামান প্রিন্স। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের কর্মকর্তা সঞ্চিতা হালদার।

এছাড়া কর্মশালায় অংশ নেন উপজেলা কৃষি অফিসার আরাফাত হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিস মজুমদার, প্রকল্প কর্মকর্তা মোকছেদুল আলমসহ প্রান্তিক কৃষক, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। কর্মশালায় মূলত দুর্যোগকালীন ঝুঁকি বিশ্লেষণ, আবহাওয়ার পূর্বাভাস মূল্যায়ন, ঝুঁকিভিত্তিক বার্তা তৈরির পদ্ধতি, প্রভাব পর্যালোচনা, আগাম পরিকল্পনা গ্রহণ ও অর্থায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, পটুয়াখালীর উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে সঠিক সময়ে সঠিক বার্তা পৌঁছালে প্রাণহানি ও সম্পদহানি উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব। কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে নিজ নিজ বিভাগের করণীয় নির্ধারণ করেন এবং তা উপস্থাপন করেন। আলোচনার মাধ্যমে পূর্বাভাসভিত্তিক বার্তা কীভাবে কমিউনিটি পর্যায়ে দ্রুত পৌঁছানো যায় এবং প্রাতিষ্ঠানিকভাবে কী ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, তা চিহ্নিত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাগোনারীর প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাস। এছাড়া উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার মারিয়া আক্তার জিন্টু, সহকারী প্রকল্প কর্মকর্তা জাকিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌসী এবং মো. রহমতউল্লাহ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow