জন্মদিনে চমক: নতুন সিনেমা নিয়ে ফিরছেন চিত্রনায়ক মুন্না
বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ চিত্রনায়ক ও পরিচালক মো. মাহবুবুর রশিদ মুন্না, যিনি ‘মুন্না’ নামেই বেশি পরিচিত, আজ নিজের জন্মদিনে ভক্তদের জন্য দিলেন নতুন চমক। ঘোষণা দিয়েছেন তার পরবর্তী সিনেমা ‘সুখ’-এর।
এর আগে মুন্না অভিনীত ‘ধূসর কুয়াশা’ ও ‘ভাগ্য’ নামের দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমা দুটিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুন আক্তার।
নতুন সিনেমা প্রসঙ্গে মুন্না জানান, বিরতির পর আবারও চলচ্চিত্র নির্মাণে ফিরছেন তিনি। তিনি বলেন, “সাংস্কৃতিক অঙ্গনের প্রতি ভালোবাসার টানে চলচ্চিত্রে যুক্ত থাকলেও আমি পেশাগতভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার। ব্যক্তিগত নানা ব্যস্ততার কারণে এতদিন নতুন কাজ শুরু করতে পারিনি। তবে এখন আর কোনো বাধা নেই, খুব শিগগিরই ‘সুখ’ সিনেমার শুটিং শুরু করবো।”
নিজের বিরতির কারণ ব্যাখ্যা করে এই অভিনেতা-পরিচালক জানান, ব্যক্তিগত ও সামাজিক নানা কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করেছেন তিনি। নিজ গ্রামে নিজ অর্থায়নে মসজিদ, মাদ্রাসা, গোরস্থান ও ঈদগাহ নির্মাণ সম্পন্ন করেছেন। এছাড়া ওমরাহ পালন, মিশর সফর এবং সেখানে ফিলিস্তিনিদের সহায়তা প্রদানসহ বেশ কিছু মানবিক কাজে অংশ নিয়েছেন।
এছাড়াও তিনি দুইজন অসুস্থ রোগীর অপারেশনের ব্যবস্থা করেছেন, এক আহত রিকশাচালকের চিকিৎসা করিয়ে তাকে নতুন রিকশা কিনে দিয়েছেন এবং পারিবারিক দায়িত্বের অংশ হিসেবে মায়ের রেস্টুরেন্ট গুছিয়ে তুলেছেন।
মুন্না বলেন, “এখন আমার প্রধান লক্ষ্য ‘সুখ’ সিনেমার কাজ শুরু করা। ইতোমধ্যে প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছি। সব কিছু প্রস্তুত হলেই শুটিংয়ে নামবো, ইনশাআল্লাহ।”
বিরতির পর মুন্নার নতুন এই ঘোষণা তার ভক্ত ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। এখন দেখার অপেক্ষা, ‘সুখ’ সিনেমা দিয়ে তিনি কতটা নতুনত্ব নিয়ে ফিরতে পারেন।
What's Your Reaction?