গোপালপুরে পানির হাউজে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
নূর আলম সুমন, গোপালপুর প্রতিনিধি,
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভাদাই গ্রামে পানির হাউসে ডুবে জিছান (৮) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিকেলে স্থানীয় একটি মসজিদের পানির ট্যাংক থেকে ওই শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়।
নিহত জিছান ভাদাই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় সোনামুই কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে মায়ের সাথে স্কুলে যায় জিছান। স্কুল চলাকালীন তার তীব্র পানির তৃষ্ণা পেলে সে কাউকে কিছু না জানিয়ে পাশের একটি মসজিদের টিউবওয়েলে পানি পান করতে যায়। ধারণা করা হচ্ছে, পানি পান করার একপর্যায়ে পা পিছলে সে টিউবওয়েল সংলগ্ন গভীর পানির হাউসে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে ক্লাসে না দেখে শিক্ষক ও সহপাঠীরা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে স্বজনরা স্কুল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর বিকেল ৫টার দিকে ওই হাউসের ভেতর জিছানের দেহ ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
জিছানের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। শান্ত ও মেধাবী এই শিশুটির অকাল প্রয়াণে সহপাঠী ও শিক্ষকদের মাঝে নেমে এসেছে বিষাদের ছায়া। একমাত্র সন্তানকে হারিয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন তার মা।
সোনামুই প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক আব্দুল হাকিম এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে, স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছেন, স্কুল ও মসজিদের মতো জনসমাগমপূর্ণ স্থানে খোলা পানির ট্যাংক বা হাউসগুলো যেন দ্রুত ঢেকে রাখা হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রাণহানি আর না ঘটে।
What's Your Reaction?