রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Feb 21, 2026 - 22:53
 0  4
রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুরে অবস্থিত রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস পালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে একটি শোকর‌্যালি বের হয়। পরবর্তীতে স্কুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় স্কুলের পরিচালক সাংবাদিক মাইনুদ্দিন আল আতিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা আব্দুল মালেক হাওলাদার, পল্লী চিকিৎসক আবুল হোসেন ফরাজী, সহকারী প্রধান শিক্ষক রুপালি রেশমা, সহকারী শিক্ষক মরিয়ম বেগম, আকলিমা নিশি ও মনিরা আক্তার।

এসময় বক্তারা বলেন, ‘ভাষা আন্দোলন কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়; এটি আমাদের জাতিসত্তা ও আত্মমর্যাদার প্রতীক। মাতৃভাষার শুদ্ধ চর্চা ও নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। নতুন প্রজন্ম যদি ভাষা আন্দোলনের ইতিহাস হৃদয়ে ধারণ করে, তবে তারা দেশপ্রেম, মানবিকতা ও মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে উঠবে।’

তারা বলেন, ‘১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল বাঙালির আত্মপরিচয় রক্ষার সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ভাষা শহিদদের আত্মত্যাগ আমাদের ন্যায় ও সত্যের পথে অবিচল থাকার শিক্ষা দেয়। শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব শুধু পাঠদান নয়; বরং ইতিহাস-সচেতন, দেশপ্রেমিক ও নৈতিক প্রজন্ম তৈরি করা।’

তারা আরও বলেন, ‘মাতৃভাষা মানুষের আত্মার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। ভাষার প্রতি শ্রদ্ধাবোধ থেকেই জন্ম নেয় সংস্কৃতি চর্চা ও মানবিক মূল্যবোধ। প্রযুক্তিনির্ভর এই যুগেও বাংলা ভাষার শুদ্ধ ও সমৃদ্ধ চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে।’

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও দেশপ্রেমের আবহ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানের সমাপনীতে ১৯৫২ সালের ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow