মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি চ্যাম্পিয়ন ওয়াফিয়া সাদিকা

Jul 12, 2026 - 18:37
 0  11
মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি চ্যাম্পিয়ন ওয়াফিয়া সাদিকা

নারীদের বিশেষ করে প্লাস সাইজ নারীদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও সৌন্দর্যকে উদযাপন করতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন-৩’-এর গ্র্যান্ড ফিনালে। রাজধানীর নিউ বেইলি রোডের গাইড হাউসে অনুষ্ঠিত এ আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াফিয়া সাদিকা। ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ নির্বাচিত হয়েছেন জেরিন খান এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন ডালিয়া ইসলাম জুই।

স্টার মাল্টিমিডিয়া ও ড্যান্স কিংডমের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শুরু হয়েছিল ৩০ প্রতিযোগীকে নিয়ে। প্রাথমিক বাছাই শেষে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন ১৫ জন। সেখান থেকে সেরা ৮ প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। বিভিন্ন ধাপের পারফরম্যান্স, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, র‌্যাম্প ওয়ার্ক এবং সামগ্রিক দক্ষতার ভিত্তিতে নির্বাচিত করা হয় বিজয়ীদের।
অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, শামীম জামান, অভিনেত্রী আচল আঁখি, জয় চৌধুরী এবং স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান। অনুষ্ঠানে বিশেষ স্টেজ পারফরম্যান্সে অংশ নেন ফ্যাশন মডেল ও কোরিওগ্রাফার অ্যাডলফ খান। এ উদ্যোগ প্রসঙ্গে স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান বলেন, প্লাস সাইজ নারীদের জন্য একটি সম্মানজনক ও অনুপ্রেরণার প্ল্যাটফর্ম গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি বলেন, সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও যোগ্যতাও একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়। সেই বার্তাই ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি’র মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চাই। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন অব্যাহত থাকবে এবং নতুন নতুন প্রতিভাবান মুখকে সামনে নিয়ে আসার চেষ্টা করা হবে।
আয়োজকদের মতে, ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি’ শুধু একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয়, বরং প্লাস সাইজ নারীদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও সক্ষমতাকে তুলে ধরার একটি প্ল্যাটফর্ম। ফ্যাশন, মিডিয়া ও বিনোদন অঙ্গনে তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। তারকাদের উপস্থিতি, প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন-৩’-এর গ্র্যান্ড ফিনালে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যা উপস্থিত দর্শকদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় সন্ধ্যা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

SalimShakib সেলিম শাকিব একজন তরুণ সাংবাদিক, অনলাইন ফিল্ম অ্যাক্টিভিস্ট ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বাংলাদেশি চলচ্চিত্রভিত্তিক জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘বিডি ফিল্মবাজ’-এর টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। চলচ্চিত্র নিয়ে নিয়মিত কাজের পাশাপাশি নির্মাণ ক্ষেত্রেও নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন।