কালিহাতীতে কৃষক লীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক খন্দকার ইকবাল হোসেন রিন্টুসহ পাঁচজনের বিরুদ্ধে মারধর, টাকা ছিনতাই ও হত্যার হুমকির লিখিত অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কুরুয়া গ্রামের বাসিন্দা মো. নাহিদ মাহমুদ বাদী হয়ে কালিহাতী থানায় এই অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত অন্য ব্যক্তিরা হলেন— কুরুয়া গ্রামের রিপন তালুকদার, ওয়ার্ড কৃষক লীগের সভাপতি হাকিম, কৃষক লীগের সাধারণ সম্পাদক নুরু মন্ডল এবং ইকরাম।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী ও বাদী পরস্পরের প্রতিবেশী। জমিজমা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১১ জুলাই ২০২৬ তারিখ সকাল ৮টার দিকে পূর্বের বিরোধের বিষয়টি মীমাংসার কথা বলে নাহিদ মাহমুদকে স্থানীয় মোতালেবের বাসায় ডাকা হয়। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে নাহিদ মাহমুদ ঘটনাস্থল ত্যাগ করেন।
পরবর্তীতে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হলে বিবাদীরা রাস্তায় তার গতিপথ রোধ করে। অভিযোগকারী জানান, বিবাদীরা তার কাছ থেকে নগদ ১ লক্ষ ৩ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর শুরু করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা সুযোগমতো তাকে হত্যার হুমকি ও গালিগালাজ করে চলে যায়। ঘটনার পর পরিবার ও আত্মীয়-স্বজনদের সাথে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে বাদী উল্লেখ করেন।
ভুক্তভোগী নাহিদ মাহমুদ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালিহাতী থানা পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
What's Your Reaction?