সাতক্ষীরার দেবহাটায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার দেবহাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের দায়ে সবুজ ইসলাম নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আন্দুলপোতা এলাকায় এ অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমান আদালতের বিচারক ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আশাশুনি উপজেলার বুধহাটা এলাকার মাছুম্মেল হকের ছেলে সবুজ ইসলাম (৩০) দীর্ঘদিন ধরে কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই আন্দুলপোতা এলাকার একটি মাছের ঘের থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। তার এ কর্মকান্ডে স্থানীয় পরিবেশ ও কৃষিজমির ওপর বিরুপ প্রভাব পড়ছিল বলে অভিযোগ ওঠে।
একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের একটি টিম সেখানে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজিং কার্যক্রমের সত্যতা পায়। এ সময় তার ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পরে তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
স্থানীয় সচেতন মহল জানান, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে একদিকে যেমন জলাশয় ও কৃষিজমির ক্ষতি হচ্ছে, অন্যদিকে পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করলে অবৈধ বালু উত্তোলন অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা জানান, পরিবেশ ধ্বংসকারী কোনো কর্মকান্ডই বরদাশত করা হবে না। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি এসময় পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।##
১৩.০৫.২৬
What's Your Reaction?