ইউরোভিশন এশিয়ার জন্য দেশজুড়ে শিল্পী খুঁজছে বঙ্গ
বাংলাদেশের সংগীত ইতিহাসে হতে চলেছে এক নতুন অধ্যায়ের সূচনা। বঙ্গ (Bongo)-এর উদ্যোগে দেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া’-এর জন্য ‘ন্যাশনাল সিলেকশন শো’ (NSS)। একইসাথে আজ থেকে শুরু হয়েছে প্রতিযোগীদের আবেদন গ্রহণ প্রক্রিয়া। এই আয়োজনের মাধ্যমে নির্বাচিত সেরা শিল্পী ও মৌলিক গান ব্যাংককে অনুষ্ঠিতব্য প্রথম ‘ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া গ্র্যান্ড ফাইনাল’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করবে। এই আয়োজনের পরিচালনায় থাকছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার হিসেবে সরাসরি সম্প্রচার করবে এনটিভি (NTV)।
সংগীত বিশ্বের ‘ওয়ার্ল্ড কাপ’ হিসেবে খ্যাত ইউরোভিশন ১৯৫৬ সালে শুরু হওয়ার পর আজ বিশ্বের বৃহত্তম লাইভ মিউজিক প্রতিযোগিতায় পরিণত হয়েছে। এশিয়ার এই নতুন সংস্করণের মাধ্যমে বাংলাদেশের সংগীত শিল্পীদের সামনে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের তুলে ধরার এক অভূতপূর্ব সুযোগ তৈরি হলো। দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওসের মতো দেশগুলোর সংগীত প্রতিভাদের সাথে একই মঞ্চে লড়াই করবে বাংলাদেশ। ফলে আন্তর্জাতিক বাজারে দেশীয় গানের পরিচিতি বাড়াতে এই প্রতিযোগিতা একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
‘ন্যাশনাল সিলেকশন শো’ হবে একটি ফ্ল্যাগশিপ প্রাইম-টাইম অনুষ্ঠান, যেখানে বিশ্বমানের স্টেজ প্রোডাকশন ও সরাসরি পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশের পরবর্তী বৈশ্বিক তারকাকে খুঁজে বের করা হবে। আবেদনের সময়সীমা ১০ মে থেকে ১০ জুন, ২০২৬ পর্যন্ত। এরপর ২১ জুন ১২ জন চূড়ান্ত প্রতিযোগীর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। এই চূড়ান্ত প্রতিযোগীরা জুলাই মাসজুড়ে নিবিড় প্রশিক্ষণ বা গ্রুমিং সেশনের মধ্য দিয়ে যাবেন এবং ২৩ আগস্ট, ২০২৬ তারিখে একটি লাইভ গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হবেন।
সারাদেশ থেকে শিল্পী ও সংগীতকারদের মৌলিক গান জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একক শিল্পী, দ্বৈত বা অনধিক ৬ জনের দল এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে (বয়স ন্যূনতম ১৮ বছর)। জমা দেওয়া গানটি অবশ্যই মৌলিক হতে হবে এবং এর দৈর্ঘ্য হতে হবে সর্বোচ্চ ৩ মিনিট। ইউরোভিশনের ঐতিহ্য অনুযায়ী, মূল কন্ঠশিল্পীকে অবশ্যই সরাসরি বা লাইভ পারফর্ম করতে হবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ‘ভক্সোভেশন’ (Voxovation) এবং দেশীয় শীর্ষস্থানীয় মিউজিক পার্টনারদের তত্ত্বাবধানে ফাইনালিস্টদের বিশ্বমানের পারফরম্যান্সের জন্য প্রস্তুত করা হবে।
নিবন্ধিত প্রতিযোগীদের মধ্য থেকে একটি বিশেষজ্ঞ বিচারক প্যানেল সেরা ১২ জনকে নির্বাচন করবেন। চূড়ান্ত বিজয়ীকে বেছে নেওয়া হবে সাধারণ মানুষের ভোট এবং জুরি বোর্ডের নম্বরের সমন্বয়ে। ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে ‘জুপ’ (ZOOP) দ্বারা চালিত অফিশিয়াল ইউরোভিশন এশিয়া প্ল্যাটফর্মে, যা দর্শকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।
বঙ্গ ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, “বাংলাদেশে প্রথমবারের মতো ইউরোভিশন নিয়ে আসা আমাদের জন্য একটি গর্বের মাইলফলক। এটি কেবল একটি টিভি শো নয়, বরং বিশ্ব দরবারে বাংলাদেশের সংগীতের বৈচিত্র্য ও সমৃদ্ধি তুলে ধরার এক বিশাল সুযোগ। আমরা এমন একটি গান খুঁজছি যা বৈশ্বিক শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেবে এবং বিশ্বমঞ্চে আমাদের জাতীয় চেতনাকে প্রতিনিধিত্ব করবে।”
ন্যাশনাল সিলেকশন শো-এর বিজয়ী আগামী ১৪ নভেম্বর, ২০২৬-এ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া গ্র্যান্ড ফাইনাল’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
আবেদনের নিয়মাবলী ও বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী প্রতিযোগীরা ভিজিট করুন: https://apply.bongobd.com/।
What's Your Reaction?